কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে মাদক চোরাচালান মামলায় জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (০৬ মে) বিকেলে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জয়নাল আবেদিন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম নাটোর জেলার বাগাতিপাড়া থানার তামালতলা হরিরামপুর এলাকার মৃত চাঁন খলিফার ছেলে। ২০১৬ সালে তার বিরুদ্ধে ১২ কেজি গাঁজা বহনের অভিযোগে কুড়িগ্রাম সদর থানা (ডিবি) পুলিশ একটি মামলা দায়ের করে।

মামলাটি দায়রা মামলা নং-০৮/১৩১৬ হিসেবে বিচারাধীন ছিল। এ ঘটনায় কুড়িগ্রাম ডিবি পুলিশের এসআই মইনুল ইসলাম বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৭(খ) ধারায় অভিযোগ আনেন।

মামলার তদন্ত শেষে পুলিশ শহিদুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

কুড়িগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তারিক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না এবং বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *