কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আকিজ গ্রুপের অডিট চাকুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।

প্রতারিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতারক চক্রের সদস্যরা প্রথমে চাকুরী দেয়ার আশ্বাস দিয়ে ইমেইলের মাধ্যমে চাকুরীপ্রার্থীদের সিভি সংগ্রহ করে। পরে জামানতের কথা বলে বিকাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং নম্বরে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত গ্রহণ করে।

অভিযোগ রয়েছে, সিভি সংগ্রহের পর প্রতারকরা ওই ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে তাদের আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের ফোন দিয়ে নিজেদের বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করে। এরপর একই কৌশলে আরও মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে চক্রটি।

প্রতারিতদের একজন রাজু মিয়া (৩০), পিতা- জামাল উদ্দিন, গ্রাম- দিয়াডাঙ্গা, থানা- ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম। তিনি জানান, চাকুরীর আশায় গত ৪ মে ২০২৬ তারিখে প্রতারক চক্রের 01704397610 ও 01861834977 নম্বরে বিকাশের মাধ্যমে মোট ১২ হাজার টাকা পাঠান। এছাড়া তিনি তার সিভি akijfoodbeveragers@gmail.com ঠিকানায় পাঠান।

পরবর্তীতে প্রতারক চক্রটি রাজু মিয়ার সিভিতে থাকা তথ্য ব্যবহার করে তার বন্ধু আবু জোবায়ের (২৭), পিতা- তারুজ্জামান, গ্রাম- ধামেরহাট, থানা- ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রামকে ফোন দেয়। পরে 01869172012, 01614141891 নম্বরে মোট ৮ হাজার টাকা নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

বর্তমানে আবু জোবায়েরের পরিচয় ব্যবহার করে তার কলেজ শিক্ষক আফসার ও হাফিজুরকেও প্রতারণার চেষ্টা চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেল এসপি বলেন, চাকুরী দেয়ার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম টাকা চাইলে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। যাচাই-বাছাই ছাড়া কাউকে টাকা পাঠানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। কেউ প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় অভিযোগ করার জন্য অনুরোধ করছি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে দেখছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত এই প্রতারক চক্রকে আইনের আওতায় আনা না হলে আরও অনেক মানুষ প্রতারণার শিকার হতে পারেন। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *